স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে নারী-শিশুসহ নিরীহ অনেক মানুষের রক্ত ঝরিয়ে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন শূন্য হাতে ঘরে ফিরে গেছেন। সব হারিয়ে উনি এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের অভাবনীয় সাফল্য, শান্তি ও উন্নয়নের মূল্যায়ন করেই নগরবাসী এ নির্বাচনে ভোট দেবেন।
গতকাল বৃহম্পতিবার বিকালে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুরে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি হাই স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। জনগণ যখন এসব উন্নয়নের সুফল পেতে শুরু করেছে, তখন খালেদা জিয়া দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। যে নেত্রীর নির্দেশে নিরপরাধ সাধারণ মানুষকে জ্বালিয়ে, পুড়িয়ে হত্যা করা হয়েছে, সে নেত্রীর ভোট আহবান এ দেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখান করবে। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের বুলি আউড়িয়ে খালেদা জিয়া সাধারণ মানুষের রক্তেই নিজের হাত রঞ্জিত করেছেন। তার ডাকা অবরোধ, হরতালের কোন কার্যকারিতা আগেও ছিল না, এখনও নেই। তথাকথিত আন্দোলনে মানুষ হত্যা, যানবাহন পোড়ানো, দেশের সম্পদ ধ্বংস ছাড়া আর কোন অর্জন খালেদা জিয়ার নেই।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, লুত্ফর রহমান মুকুল, আসলাম উদ্দিন, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।