ঝিনাইদহ শহর থেকে অপহৃত ব্যবসায়ী তৈমুর রহমান তুরানের লাশ সাতদিন পর মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের একটি লিচু বাগান থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পরিবার জানায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মত তৈমুর রহমান বাসা থেকে শহরের আরাপপুরের ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। রাবয়া হাসপাতালের সামনে থেকে ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে কয়েকজন সাদা পোশাকধারী তাকে মাইক্রো বাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী তানিয়া আক্তার মুক্তি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। তৈমুর রহমান শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবার ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেছে।