কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকচাপায় মানিক ভূঁইয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী রোজিনা বেগম ভাগ্যক্রমে বেঁচে গেলেও তাদের ৭ বছর বয়সী ছেলে মিঠু আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছিনাইগেট এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকার মানিক ভূঁইয়া তার স্ত্রী-পুত্রসহ মোটরসাইকেলে কুড়িগ্রাম জেলা শহর যাচ্ছিলেন। তারা ছিনাইগেট এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাদের চাপা দিলে মানিক ভূঁইয়া ঘটনাস্থলে নিহত হন। আহত মিঠুকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার ওসি আব্দুর রশীদ জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।