প্রতীক নিয়ে ভোটারের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। গত তিনদিন প্রতীক ছাড়াই সীমিত আকারে প্রচারণা চালিয়েছিলেন প্রার্থীরা। ভোটের লড়াইয়ে জিততে পাড়া-মহল্লায় ছুটছেন তিন সিটির প্রার্থীরা। শুক্রবার তিন সিটিতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১ হাজার ১৬৮ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তবে এবার চাহিদা অনুযায়ী প্রতীক পাননি অনেকেই। ফলে সমঝোতা ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দিতে হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উত্সাহে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে উত্সাহী-উদ্দীপনা দেখা গেছে প্রার্থীর-কর্মী-সমর্থকদের। প্রার্থীরা নিজ নিজ এলাকায় জুমার নামাজ আদায় করে নিজেদের প্রতীক জানিয়ে দোয়া আর ভোট চেয়েছেন। আগামী ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
গতকাল তিন সিটির সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করেন। ৬৭নং পশ্চিম আগারগাঁওয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে উত্তরের, মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দক্ষিণের এবং চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক অফিসে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তিন সিটিতে ৪৮ জন মেয়র প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন। কাউন্সিলর হিসাবে ১ হাজার ১২০ জন প্রতীক পেয়েছেন। ঢাকা উত্তরে ১৬ মেয়র প্রার্থীসহ ৩৮১, দক্ষিণে ২০ মেয়র প্রার্থীসহ ৫০১ এবং চট্টগ্রামে ১২ মেয়র প্রার্থীসহ ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তিনটি পদে ৩৪টি প্রতীক সংরক্ষিত রেখেছিল। কিন্তু প্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত ৩০টি প্রতীক সংযুক্ত করতে হয়েছে।
প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে গতকাল দিনভর নির্বাচনী আমেজ তৈরি হয় ঢাকা ও চট্টগ্রাম সিটির বিভিন্ন অঙ্গনে। রাজনৈতিক ময়দানে জনসংযোগ ও ভোটপ্রার্থনার উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রার্থীর পাশাপাশি প্রতীককে কেন্দ করে প্রচারণার কৌশল সাজাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। নির্দলীয় নির্বাচনে দলীয় আমেজ সৃষ্টি হয়েছে। দল সমর্থিত প্রার্থীদের জেতানোর জন্য মাঠে নেমেছেন রাজনৈতিক নেতারাও।
এই পরিস্থিতিতে ভোটের ৭ দিন আগে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থক আদর্শ ঢাকার আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
প্রতীক নিয়ে প্রচারণা
প্রতীক সম্বলিত লিফলেট কিংবা পোস্টার এখনো ছাপানো সম্পন্ন না হলেও প্রচারণায় প্রার্থীদের শোভা পেয়েছিল ‘ডামি প্রতীক’। সঙ্গে সমর্থকদের শ্লোগান। শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক উত্তরার বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ করেন। দুপুরে রাজধানীর খিলক্ষেতে লোটাস কামাল টাওয়ারের ‘তারুণ্যের চোখে কেমন ঢাকা চাই’ শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনিসুল হক। সেখানে তিনি দল সমর্থিত প্রার্থীর প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে নামলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। টেবিলঘড়ি প্রতীক নিয়ে বিকালে মিরপুর অঞ্চলে প্রার্থীদের সঙ্গে জনসংযোগ করেন তিনি।
বাস প্রতীক পেয়ে গতকালই প্রচারে নেমেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। কাওরান বাজারে অবস্থিত হযরত আম্বর শাহের মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তাবিথ আউয়াল। এর আগে আম্বর শাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। ঢাকায় তিনিই প্রথম বিএনপি-সমর্থিত প্রার্থী যিনি প্রচারে নামলেন।
প্রচারণা শুরুর আগেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাবিথকে। কাওরান বাজার এলাকায় তার আগমন উপলক্ষে আগ থেকেই স্থানীয় নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়। একপর্যায়ে তার উপস্থিতিতেই স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। ঘটে হাতাহাতির ঘটনাও। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রচারে নেমে তিনি ঢাকা শহরকে আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তুলতে চান।
এদিকে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের নামে একাধিক মামলা থাকায় গ্রেফতারের আশংকায় মাঠে নামছেন না। গতকালও আব্বাসের পক্ষে মগ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ প্রতীক নিয়ে বিকেলে লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন। তিনি ওয়ার্ডের ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা কামনা করেন।
প্রেস ও ফটোকপির দোকানে ব্যস্ততা
প্রার্থীরা প্রতীক পাওয়ায় ব্যস্ততা বেড়েছে ছাপখানাগুলোর। একই ব্যস্ততা ফটোকপির দোকানেও। নীলক্ষেত, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিলসহ নগরীর বিভিন্ন এলাকায় ছাপাখানা ও ফটোকপির দোকানে ভিড় করছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। শুক্রবার সকালে রাজধানীর দক্ষিণ অংশের এলাকা নীলক্ষেতে গিয়ে নজরে পড়ে ফটোস্ট্যাটের দোকানে ভিড়। ভোটারদের দ্বারে যাওয়ার আগে ভোটার তালিকা এখন দেদারসে ফটোকপি হচ্ছে নীলক্ষেতের দোকানগুলোতে। ভেতরের প্রেসগুলোতে প্রার্থীদের লিফলেট ছাপানোর কাজ চলছে।