বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছেই আছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, তাদের দলের নিখোঁজ যুগ্ম মহাসচিবকে ফিরিয়ে দেয়ার দায়িত্ব সরকারের। তাকে ফিরিয়ে না দিলে সন্দেহ আরও বাড়বে।
গতকাল শুক্রবার ব্যারিস্টার মওদুদ নিখোঁজ সালাহউদ্দিনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় যান। পরে সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘সালাহউদ্দিন পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই, তারা অস্বীকার করছে। যা পরিবারের লোকজনসহ আমরা বিশ্বাস করি না। সালাহউদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছেই আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ নিয়ে অসম্ভব রকম উদ্বিগ্ন।’
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। নিখোঁজের এক মাস পার হলেও তার সন্ধান মেলেনি।