লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নি কাণ্ডে ৫৫টি দোকান মালামালসহ ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের চারটি খুঁটি, ১৫টি মিটার ও তার পুড়ে গেছে।
বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থেকে দুইটি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে বাজারের ৫৫টি দোকানঘর মালামালসহ ভস্মীভূত হয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধে জুয়েলার্স, ঔষধ, মুদি, কাপড়, চাউলের আড়ৎ, জুতা, গার্মেন্টস, হার্ডওয়ার, সার, সেলুন, খাবার হোটেল, কসমেটিক ও স্টেশনারি রয়েছে।
রামগতি ফায়ার সার্ভিসের ওয়ার পরিদর্শক মইন উদ্দিন জানান, রামগতির দুইটিসহ লক্ষ্মীপুর ও নোয়াখালীর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।