গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নবনির্মিত মাওনা ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
শনিবার বিকালে ফ্লাইওভারটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ ফ্লাইওভারটি শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে।’
রাজনৈতিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই বেগম খালেদা জিয়া যখন রাস্তায় আসবেন তখন যেন মানুষ তার কাছে জানতে চায় তিনি কেন মানুষ পুড়িয়ে মারলেন। মানুষকে পুড়িয়ে মারার অধিকার তাকে কে দিয়েছে? মানুষ পুড়িয়ে একেকটা পরিবারকে তারা ধংস করেছে, পরিবারের উপার্জনের পথ বন্ধ করে দিয়েছে, স্বামীর কাছ থেকে স্ত্রী ও সন্তানকে কেড়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু শিক্ষক খালেদা জিয়াকে উদ্ধার করতে নেমেছেন। তাদের বুদ্ধি বিবেক নাই। তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে তারা খালেদা জিয়ার সঙ্গে থাকতে পারেন না। তারা বুদ্ধি-বিবেক হারিয়ে ফেলেছে।’