প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রতিটি উন্নয়ন ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতেই হরতাল-অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের মত অন্যায় করে চলছে বেগম খালেদা। পৃথিবীর কোন দেশে এমন নজির নেই যে, টানা ৯০ দিনের হরতাল-অবরোধে সরকার টিকে থাকতে পেরেছে। একমাত্র শেখ হাসিনার সরকারের পক্ষেই তা সম্ভব হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকসহ সকলের অংশ গ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষাখাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আরও বলেন, এক সময় কুমিল্লা ও নোয়াখালী জেলার মানুষ ছাড়া খোদবা পড়ানোও সম্ভব ছিল না। এখন দেশের প্রতিটি অঞ্চলের মানুষ স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ও শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মা ও আইউব খানের দোসররা সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে। এদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীনতা পেতাম না, তেমনটি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে স্বাধীনতা যুদ্ধের রাজাকার ও বঙ্গবন্ধুর খুনীদের বিচার করা সম্ভব হতো না।
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তার বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসার বিলকিছ আরা, পিটিআই সুপারিনটেন্ডেন্ট জয়নাল আবেদীন, জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনির খন্দকার, শিক্ষক প্রতিনিধি কমল বকশী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন।