আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালনের বিধান কোথাও কোনো আইনে বলা নেই।
শনিবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি এতদিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পুড়িয়ে সাধারণ মানুষ হত্যা করেছে। তাদের এ কর্মকান্ডের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দিবে।
তিনি বলেন, প্রার্থীরা প্রতীক পেয়েছে, সমতল ভূমিও তৈরি হয়েছে। প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড এখনো কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখার একটি উপায়। কামারুজ্জামানের প্রাণভিক্ষা নিয়ে অযথাই সময় নষ্ট করা হয়েছে। তেতাল্লিশ বছরেও যারা ক্ষমা চায়নি তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা করা বাতুলতা মাত্র। অবিলম্বে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করে পাপমোচন করার দাবি জানান তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের নেতা হুমায়ূন কবির মিজি, সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।