‘ঈগল’ প্রতীক নিয়ে ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মাহী বি. চৌধুরী বলেছেন, আবদুল আউয়াল মিন্টুপুত্র তাবিথ আউয়ালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমর্থন দিয়েছেন, এর মানে তাবিথ বিএনপির সমর্থন পেল। কিন্তু আমি শুধু বিএনপির নয়, সত্যিকারের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকলের ভোট প্রত্যাশা করছি।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়ে তিনি একথা বলেন।
মাহী বলেন, আমি বিএনপির সমর্থন চেয়েছিলাম, পাইনি। তবে এখানেই সব শেষ হয়ে যায়নি। সামনে সমর্থন পাওয়ার আরও অনেক সময় রয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয়, এ কারণে তিনি কখনও দলীয় প্রার্থী হতে চাননি। নতুন প্রজন্মের প্রার্থী হিসেবেই তিনি কাজ করতে চান। যারা হরতাল-অবরোধ, গুম-খুনের বিরুদ্ধে, তাদের ভোট চান। নির্বাচনে তার স্লোগান ‘নিরাপদ, চলমান ও উন্নত ঢাকা চাই’।
তিনি বলেন, যেখানেই যাচ্ছি, ভোটারদের সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে ভীষণ হতাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই চিত্রেরই প্রতিফলন। মানুষ হতাশামুক্ত হতে চায়, পরিবর্তন চায়-আমি সেই পরিবর্তনের বার্তাই দিতে চাই।
ঢাকা উত্তরে মেয়র পদে দুই প্রতিদ্বন্দ্বি তাবিথ আউয়াল ও আনিসুল হক সম্পর্কে মাহী বলেন, তাবিথ আমার ছোট ভাই, ওপর বিপক্ষে বলার প্রশ্নই ওঠে না। আনিসুল হকও বড় ভাই।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আনিসুল হক এরইমধ্যে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি অফিস বসিয়েছেন, বিশাল ফ্লোরে এক হাজার ল্যাপটপ বসিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, তাবিথ ও আনিসুল হক- তারা কেউই রাজনীতিতে পরীক্ষা দেননি। আমি কিন্তু ১৫ বছর ধরে পরীক্ষা দিয়ে আসছি।