কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সন্তান নিরাপদে ঘরে ফিরবে কিনা সেটা নিয়ে উত্কণ্ঠায়, স্ত্রী স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশের এমন পরিস্থিতির জন্যে যুদ্ধ করি নাই, আমরা শান্তির নীড় প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ করেছিলাম।
তিনি শনিবার গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, একটি স্কুল চালাতে গেলে প্রধান শিক্ষকেরও দপ্তরির সাথে আলাপ করতে হয়, অথচ এই সরকার কারো সাথে আলোচনা না করার জেদ ধরেছে। শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে ৭৫ দিন ধরে ঘরের বাইরে আছি। ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় বসিয়ে দেশে শান্তি স্থাপন করে ছাড়ব-ইনশাআল্লাহ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান শুরু করেন। ২ এপ্রিল থেকে শান্তির দাবি নিয়ে সারাদেশে সফর শুরু করেন।