শেরপুরে কামারুজ্জামানের দাফন সম্পন্ন


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দাফন রোববার ভোরে সম্পন্ন হয়েছে। শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলায় তার পৈত্রিক এলাকায় পারিবারিকভাবে মৃতদেহ দাফন করা হয়।
শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।  এরপর রাতেই পুলিশ পাহারায় একটি অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ শেরপুরে নিয়ে যাওয়া হয়। তবে তার স্ত্রী বা সন্তানদের কেউ সঙ্গে যাননি।
ভোর সোয়া চারটা নাগাদ শেরপুরে পৌঁছে জানাজা শেষে সোয়া পাঁচটা নাগাদ দাফন সম্পন্ন হয়। আগেই সেখান কবর খুঁড়ে রাখা ছিল।
রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৃতদেহ শেরপুরে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের কাছ থেকে তার ভাই কফিলউদ্দিন মৃতদেহ বুঝে নেন।
জানা গেছে, র‍্যাব ও পুলিশের কড়া পাহারায় কামারুজ্জামানের জানাজায় তার স্বজন ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে পঞ্চাশজন অংশ নিয়েছেন।