জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হরতালের ঘোষণা দেন। একইসঙ্গে আজ রবিবার কামারুজ্জামানের জন্য দোয়া কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে জামায়াত।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘যে সোহাগপুরের কথিত ঘটনার অভিযোগে তাকে ফাঁসি কার্যকরের নামে হত্যা করা হলো, তার সাথে মুহাম্মদ কামারুজামানের দূরতম কোন সম্পর্ক নেই। মুহাম্মদ কামারুজ্জামান বারবার বলেছেন, জীবনে কোনদিনও তিনি সোহাগপুর যাননি। ওই এলাকায় কোনদিন তাকে দেখেছে এ ধরনের কথা কেউ বলতে পারবে না।’