ফ্রান্সে নির্মিত ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনবে ভারত। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার বিকেলে এ কথা ঘোষণা করেন। সূত্রগুলো জানিয়েছে ১২৬টির বদলে চুক্তিটি এখন ১৪৪টি বিমান ক্রয়ের জন্য হবে। উল্লেখ্য, ওই ৩৬টি যুদ্ধবিমান বাদে বাকি বিমানগুলো ভারতে নির্মাণের কথা রয়েছে। -খবর এনডিটিভির।
এক যৌথ সংবাদ সম্মেলনে মোদী বলেন, ‘আমি প্রেসিডেন্টকে উড়তে প্রস্তুত এরকম মডেলের ৩৬টি রাফালে যুদ্ধ বিমানসহ আমাদেরকে সরবরাহ করতে বলি।’ ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যুদ্ধবিমান থেকে ডুবোজাহাজ, ভারতের জন্য ফ্রান্স সবসময়ই নির্ভরযোগ্য সরবরাহকারী হয়েছে।’ বিমান ক্রয়ের চুক্তির শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং উভয়পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করবে বলেও তিনি জানান।
সূত্রগুলো বলেছে, যদি দু’পক্ষের মধ্যে সমঝোতাটি কার্যকর হয় তাহলে মোট ১৪৪টি বিমান কেনা হবে যা আগের প্রস্তাবের চেয়ে ১৮টি বেশি। উল্লেখ্য, মূল প্রস্তাবনাটি ছিল ১২৬টি বিমান ক্রয়ের যার মূল্যমান কমপক্ষে ১২শ’ কোটি মার্কিন ডলার।