রাঙ্গামাটিতে বৈসাবী উৎসব শুরু


নদীর জলে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে রবিবার থেকে পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বৈসাবি উৎসব। ভোর থেকেই বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মানুষ ফুল ভাসাতে আসেন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পাড়ে। রাজবাড়ী ঘাটে সংসদ সদস্য উষাতন তালুকদার হ্রদে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন।

এছাড়া সকালে রাঙ্গামাটি গর্জনতলী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় কাপ্তাই হ্রদে ফুল ভাসনো, বয়োজ্যেষ্ঠদের স্নান ও বস্ত্রদান, ত্রিপুরা তরুণ-তরুণীদের গড়াইয়া নৃত্য, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি গর্জনতলী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভপতি সুরেশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ঝিুনুক ত্রিপুরা প্রমুখ।

পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জাতিগোষ্ঠীর এদিনটিকে যৌথভাবে ঐতিহ্যবাহী প্রধান উৎসব হিসেবে পালন করে থাকে। বর্ষ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এ উৎসব পালন করা হয়।

বাংলা বর্ষবরণ ও বিদায়কে চাকমারা বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু ও তংচঙ্গা সম্প্রদায়ের মানুষ বিষু উৎসব পালন করে থাকে।  বিজু, সাংগ্রাই, বৈসু ও বিষু উৎসবের মিলিত নাম বৈসাবি উৎসব।