নরসিংদীতে খেলা দেখা নিয়ে স্ত্রীর আত্মহত্যা

 
নরসিংদীর শিবপুরে বাধা দিলেও স্বামীর টেলিভিশনে আইপিএল খেলা দেখতে যাওয়াকে কেন্দ্র করে বেলি আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।   
 
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মধ্য কারারচর গ্রামে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বেলি আক্তার কুমিল্লার সদর  উপজেলার শিবনগর গ্রামের মনজুর আলীর মেয়ে। স্বামী তৌহিদুল ইসলামের সঙ্গে তিনি কারারচরে ভাড়া থাকতেন।
 
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত সাড়ে এগারটার দিকে তৌহিদুল ইসলাম খেলা দেখতে পাশের বাড়িতে যাওয়ার জন্য বের হন। এসময় স্ত্রী বেলি আক্তার খেলা দেখতে যেতে নিষেধ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামী ঘর থেকে বের হয়ে যায়। গভীর রাতে তৌহিদুল ইসলাম দরজা ধাক্কা দিলেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে নিহত বেলি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 
 
নিহতের বড় ভাই শামীম মিয়া বলেন, এর আগে পারিবারিক কলহের জের ধরে বেলির স্বামী প্রায়ই তাকে মারধোর করতেন। রাতে খবর পেয়েছি বেলি আত্মহত্যা করেছে। এখন আমার পনের মাস বয়সের এক ভাগিনা ও চারমাস বয়সের ভাগিনী রয়েছে। তাদের কথা চিন্তা করে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। 
 
শিবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জব্বার বলেন, দরজা ভেঙ্গে নিহত বেলির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী তৌহিদুল ইসলামকে আটক করা হয়েছে।