লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। রবিবারের এই হামলায় দূতাবাসের ২ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।
সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বন্দুকধারীরা একটি গাড়ি থেকে দূতাবাস লক্ষ্য করে গুলি চালায়। বন্দুকধারীরা এসময় কয়েক ডজন গুলি করে। তবে দূতাবাসে কর্মরত দক্ষিণ কোরিয়ার তিন নাগরিকের মধ্যে কেউ হতাহত হয়নি।
হামলার প্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তাদের লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে সিউল।
২০১১ সালে গাদ্দাফিকে অপসারণ করার পর থেকে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের ওপর হামলা ও অপহরণের ঘটনা বেড়ে গেছে দেশটিতে। সূত্র: আলজাজিরা