প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনকালীন কাউকে যাতে অযথা হয়রানি করা না হয়। একইসঙ্গে দৃঢ় ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি-না সে বিষয়ে ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
রবিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য আপনারা সব ধরনের সহযোগিতা করবেন। নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। নির্বাচনের প্রতিটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। আইন নিজের হাতে তুলে নিজেকে বিপদগ্রস্ত করবেন না।
সিইসি বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের প্রতীকে ভোটাধকার প্রযোগ করতে পারেন তার ব্যবস্থা করা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের স্ব-স্ব প্রচারণা চালাতে পারেন তার ব্যবস্থা করা হবে।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চান।