চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দীন গতকাল রবিবার নগরীর বহদ্দারহাট, বাড়ইপাড়া, কে.বি আমান আলী রোড, ফুলতলা, বাদশা চেয়ারম্যান ঘাট ও খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় এলাকাবাসীর উদ্দেশে আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বহদ্দারহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলেও সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় বহদ্দারহাট, চান্দগাঁও এবং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষকে। বর্ষাকাল জুড়েই তাদের পানির নিচে দিন কাটাতে হয়। এতে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। নগর প্রশাসনের বিগত ৫ বছরের ব্যর্থতার কারণেই আজকের এই করুণ দশার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, আমি এ সমস্যা থেকে আপনাদের মুক্ত করবো।
এসব এলাকায় আ.জ.ম নাছির উদ্দীনের সাথে গণসংযোগে অংশ নেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, এবার নির্বাচনে যোগ্য মেয়র নির্বাচিত করতে না পারলে গলাপানিতে ডুবেই থাকতে হবে, আবর্জনাও সরবে না। আ.জ.ম নাছির উদ্দীন যোগ্য ব্যক্তি।
গতকাল সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে আ.জ.ম নাছির উদ্দিন বহদ্দারহাটের মাওলানা মোজাম্মেল হক মাজার জেয়ারত করেন। এরপর তিনি বারইপাড়ায়, ঘাসিয়াপাড়া, কে.বি আমান রোডের ফুলতলা, ওমর আলী মাতব্বর রোড, বাদশা চেয়ারম্যান ঘাট, বহদ্দারবাড়ি, খাজা রোডের খালাসি পুকুর পাড়, এনএমসি স্কুল, আমিনের দোকান, সাবানঘাটা পাক্কা দোকান, বলিরহাট, ওয়াইজর পাড়া এলাকায় গণসংযোগ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, নগর আওয়ামী লীগের সাংগঠনিক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু, মুক্তিযোদ্ধা নূরুল বশর, আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল আলম, শামসুল আলম, মনজুর হোসেন, মিনহাজুল আবেদীন সায়েম, মহিউল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।