ভারতে মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দল শিবসেনা তাদের দলীয় মুখপত্র ‘সামনা’ তে প্রকাশিত এক নিবন্ধে প্রস্তাব দিয়েছে, ভারতে মুসলমানদের স্বার্থেই তাদের ভোটাধিকার প্রত্যাহার করে নেয়া উচিত। শিবসেনার মতে, এতে মুসলমানদের নিয়ে ভারতে ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ হবে। খবর বিবিসি’র।
‘সামনা’ তে এই বিতর্কিত নিবন্ধটি লিখেছেন শিবসেনার সিনিয়র নেতা, রাজ্যসভার এমপি এবং দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত। আর নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি শিবসেনার প্রয়াত নেতা বাল ঠাকরের মন্তব্যকেও টেনে এনেছেন। বাল ঠাকরকে উদ্ধৃত করে রাউত লিখেছেন, বালাসাহেব বলেছিলেন, মুসলমানদের যতদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হবে ততদিন তাদের কোন ভবিষ্যত্ নেই। ফলে যেদিন তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে সেদিন যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন তাদের মুখোশ ফাঁস হয়ে যাবে। তিনি আরো জানিয়েছেন, বালাসাহেব না কি আজ থেকে পনের বছর আগেই প্রস্তাব দিয়েছিলেন ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার। মুসলমানদের ভোট না থাকলে তাদের ভোটের জন্য তদবিরও বন্ধ হয়ে যাবে, এটাই ছিল তার যুক্তি। তবে শিবসেনা যারা কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি’র সবচেয়ে পুরানো শরিক দল তাদের একজন সিনিয়র নেতার এমন মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে। বিরোধী কংগ্রেস দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, এটা অত্যন্ত জঘন্য ব্যাপার যে, এই ধরনের মন্তব্য আমাদের শুনতে হচ্ছে। তিনি আরো বলেন, ভারতীয়রা এখনো একটি গণতান্ত্রিক দেশেই বাস করেন, কোন তালেবানি জামানায় নয়। অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকী শিবসেনা নেতার এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও বেআইনি বলে বর্ণনা করেছেন। সঞ্জয় রাউত অবশ্য সমালোচনার মুখেও তার সুর নরম করেননি, বরং নিজের বক্তব্যের সমর্থনেই সাফাই দিয়েছেন।