কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। এতে ওই ট্রাকের ঘুমন্ত চালক মো. রিয়াজ মিয়া (৪৫) দগ্ধ হয়েছেন।
সোমবার ভোর সোয়া তিনটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাইপাস রাস্তায় এ ঘটনা ঘটে। দগ্ধ ট্রাক চালককে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানায়, ট্রাক চালক ও হেলপার ভুট্টা নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। রাত সোয়া তিনটার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরিপুরের নতুন বাইপাস রাস্তা মোড়ে ট্রাক থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দৃর্বুত্তরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে চালক রিয়াজ দগ্ধ হন ।
তাকে রংপুর জেলার কোতয়ালী থানার বাউপাড়া পাড়া গ্রামের সুলতান মিয়ার পুত্র। রিয়াজের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।
সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।