কাজীপুরে এ বছর চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। এ কারণে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ স্বপ্ন তাদের আর্থিক সচ্ছলতা এনে দিবে বলে আশা করছেন।
জানা গেছে, এবার প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে চীনা বাদাম। উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৮ টন। কৃষকরা জানান, জমিতে বাদামের বীজ লাগানোর পর গাছ ধীরে ধীরে পরিপুষ্ট হয়ে ওঠে। এখন পরিপক্ব হয়ে উঠেছে। জমি থেকে বাদাম তুলছে কৃষকেরা। এবার বাদাম চাষ করতে কোনো সার প্রয়োগ করা হয়নি।
বিনা সারে বাদামের আবাদ করে কৃষকরা দারুণ খুশী। উপজেলার পূর্ব পাশে যমুনার চরে এ বছর বাদাম চাষ করেছেন সহস্রাধিক ংক্ষুদ্র চাষি। বাদাম ছাড়াও ভুট্টা, গম এবং কালী বোরো ধানের আবাদ করেছেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, যমুনার বুকে জেগে ওঠা নাটুয়ারপাড়া, ঘোড়াগাছা, রেহাইশুড়িবেড়, পানাগাড়ী, তেকানী, খাসরাজবাড়ী, যুক্তিগাছা, রাজবাড়ী, চরজগন্নাথপুর, গোয়াল শুভগাছাসহ ছোট-বড় ৩০টি চরের সাড়ে ৬শ’ হেক্টর জমিতে চীনা বাদাম চাষ হয়েছে।
কাজীপুর কৃষি অফিস সূত্রমতে, অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ বছর বাদামের ফলন ভালো হয়েছে। এছাড়া তেমন কোনো রোগবালাইও হয়নি।