সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আানিসুর রহমান আনিস (১৮) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে শহররক্ষা বাঁধ এলাকায় এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। সোমবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিস জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা-পারকোলা উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং মওলানা ভাসানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
তিনি জেলা সদরের নবদ্বীপপুল সংলগ্ন ধানবান্ধি মহলার ভাইভাই মেসে থাকতেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, কামারুজ্জামানের ফাঁসির পর জামায়াত-শিবিরের ডাকা সোমবার হরতাল সফল করার লক্ষ্যে কতিপয় দুর্বৃত্ত শিবিরকর্মী আনিসের নেতৃত্বে রবিবার সন্ধায় বৃষ্টির মধ্যে সদর থানার ওপর দু’টি ককটেল হামলা চালায়। এ সময় পুলিশও ধাওয়া করে আনিসকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী শহরের নবদ্বীপ পুল সংলগ্ন ভাই-ভাই ও আশেপাশের দু’টি মেস থেকে ৫ সহকর্মী আটকসহ ৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহর রক্ষা বাঁধের পাশে একডালা ও গয়লায় অভিযান চালানোর পরিকল্পনা করা হয়। রাত সোয়া ১২টার দিকে আনিসকে সাথে নিয়ে অভিযান পরিচালনার সময় শিবিরকর্মীরা শহর রক্ষা বাঁধ এলাকায় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সহকর্মীদের ছোড়া গুলি আনিছের ডান পায়ে বিদ্ধ হয়। আনিসকে দ্রুত হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক বিভাগের মেডিকেল অফিসার নুরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আনিস মারা গেছে।
তবে জেলা জামায়াতের আমির শাহিনুর আলম দাবি করেছেন, আনিস পুলিশের গুলিতে নিহত হয়েছেন।