৩ বছরের শিশুর গুলিতে এক বছরের শিশু নিহত

 
 
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে রবিবার তিন বছরের এক শিশুর গুলিতে অপর এক শিশু নিহত হয়েছে। একটি বন্দুক হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে এক বছর বয়সী ওই শিশুর মুখে লাগে। পরে শিশুটি মারা যায়।
 
পুলিশের বরাত দিয়ে ক্লিভল্যান্ড ডট কমের খবরে বলা হয়, সেখানে বন্দুকটি কোথা থেকে এলো তদন্ত কর্মকর্তারা তা নির্ধারণের চেষ্টা করছেন ।
 
দুর্ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
ক্লিভল্যান্ড পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামসের বরাত দিয়ে এবিসি’র অন্তর্ভুক্ত নিউজনেট৫ জানায়, ক্লিভল্যান্ডের জন্য এটি একটি দুঃখজনক ঘটনা। বন্দুকের প্রতি আমাদের এই মোহ কেবলমাত্র এ নগরীতে নয়, সারাদেশে এটি বন্ধ করতে হবে।
 
উইলিয়ামস জানান, ঘরে এ অস্ত্র আনা এবং এটি সেখানে অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় তা শিশুর হাতে পড়ায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে । তিনি আরো জানান, এ মর্মান্তিক ঘটনার সময় ওই বাড়িতে কমপক্ষে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ছিলেন।-এএফপি