ইয়েমেনে বিমান হামলা অব্যাহত, বন্দুকযুদ্ধে নিহত ৫

 
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন নগরীতে বিদ্রোহীদের দখলকৃত প্রেসিডেন্ট প্রাসাদসহ বিভিন্ন স্থানে শিয়া হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সোমবার জোট বাহিনীর বিমানগুলো হুতি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায়। এছাড়া বন্দর নগরীটিতে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে।

গত কয়েক মাস ধরে ইয়েমেনে রাজনৈতিক অচলাবস্থা চলছে। গত সেপ্টেম্বরে দেশটির শিয়া বিদ্রোহীরা রাজধানী দখল করে নেয়। এক মাস আগে তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে প্রেসিডেন্ট আব্দ মনসুর হাদি ও তার সরকারকে পদত্যাগে বাধ্য করে। দক্ষিণাঞ্চলের এডেন নগরীতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন প্রেসিডেন্ট।
 
এরপর গত মাসে হুতি ও বিদ্রোহী সেনা ইউনিটের সদস্যরা এডেন নগরীর প্রেসিডেন্ট প্রাসাদে বিমান হামলা চালালে হাদি সৌদি আরবে গিয়ে আশ্রয় নেন। সৌদি আরব ও তার মিত্ররা অভিযোগ করে আসছে হুতি বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছে শিয়া প্রধান ইরান।

প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় ফেরাতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৬ মার্চ বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট বাহিনী।
 
তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের কঠোর সমালোচনা করে আসছে ইরান।
 
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের প্রধান নগরীতে বিদ্রোহীদের দখলকৃত প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী।
 
এডেনের উপকণ্ঠে বিদ্রোহীদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিমান হামলা সকাল ৬ টা পর্যন্ত চলে।
 
এক চিকিৎসক জানান, বন্দর নগরীতে বন্দুকযুদ্ধে দুই বেসামরিক লোক ও হাদির অনুগত তিন মিলিশিয়া নিহত হয়েছে।