উখিয়ায় ৬ কোটি টাকার কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তিসহ নারী আটক

 
উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের ছৈয়দ আলমের বসতবাড়িতে লুকিয়ে রাখা প্লাষ্টিকের বস্তায় মোড়ানো প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তার বসতবাড়িতে ব্যাপক তল্লাসী চালানোর এক পর্যায়ে খাটের নিচে গর্ত করে লুকিয়ে রাখা ওই মূর্তিটি উদ্ধার করে।
 
এ সময় ছৈয়দ আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তার স্ত্রী ছায়েরা খাতুনকে (৪৫) আটক করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের বৌদ্ধ মূর্তির গায়ে বি.আর ১৭৯৯ লেখা রয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক দিদারুল আলম বাদী হয়ে ছৈয়দ আলম ও তার স্ত্রী ছায়েরা খাতুনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে।
 

ছায়েরা খাতুন সাংবাদিকদের জানান, মূর্তিটি তার নয়, অপরিচিত কয়েকজন ব্যক্তি বস্তুটি তার কাছে আমানত রেখেছে।