আমার কিছু পরিকল্পনা আছে: মুমিনুল হক

 
টেস্ট ক্রিকেটে এখন নিঃসন্দেহে দেশের সেরা ব্যাটসম্যান। কিন্তু ওয়ানডে একাদশেই নিয়মিত নন। এটা মুমিনুল হককে নিয়ে একটা দারুণ ভ্রান্তি তৈরী করেছে। এই অবস্থা কাটিয়ে তোলার প্রস্তুতি হিসেবেই বিসিএলের ফাইনালে ঝড়ো এক ইনিংস খেললেন। মুখেও বললেন, নিজেকে প্রস্তুত করে তোলার কথা।
 
পাকিস্তান সিরিজের আগে দল কতোটা প্রস্তুত?
বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলেছি, দলের সবাই ফর্মে রয়েছেন। আশা করছি পাকিস্তান সিরিজে আমরা ভালো করতে পারবো।
 
পাকিস্তান সিরিজে ব্যক্তিগতভাবে আপনার আলাদা কোনো টার্গেট আছে কি?
দলে সুযোগ পেলে আমি ভালো খেলার চেষ্ঠা করবো। এমনিতে আমার একটা পরিকল্পনা রয়েছে,  খেলায় সেটার বাস্তবায়ন করতে চাই।
 
টেস্ট ক্রিকেটে আপনি দেশ সেরা ব্যাটসম্যান। কিন্তু ওয়ানডে ক্রিকেটে সেভাবে জ্বলে উঠতে না পারার কারণ?
আপনি যখন ভালো খেলবেন না, তখন আপনাকে নিয়ে অনেক কথা হবে। আমার যেসব জায়গায় দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে তোলার চেষ্ঠা করছি। সেটা করতে পারলে পাকিস্তান সিরিজে ইনশাআল্লাহ ভালে কিছু করা সম্ভব হবে।
 
টেস্টের মতো ওয়ানডেতে কেন ভালো খেলা সম্ভব হচ্ছে না?
হয়তো আমার কোনো দুর্বলতা আছে। সেটা নিয়ে আমি কাজ করছি। আমার মনে হয় আমার স্ট্রাইক রেট আরো বাড়াতে হবে। আমার যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমি কাজ করছি আশা করছি মাঠে নিজেদের সেরাটা দিতে পারবো।
 
ওয়ানডেতে ব্যাটিং অর্ডার নিয়ে আপনার কি কোন সমস্যা হচ্ছে?

না আসলে সেটা নিয়ে আমার কোন কিছু বলার নেই। একটা কথাই বলতে চাই। ভালো খেলোয়াড়কে আপনি যেখানেই খেলাবেন, সেখানেই সে ভালো করবে। আমাকে যে পজিশনেই ব্যাট করতে নামানো হোক না কেন আমি আমার সেরাটা বের করে আনার চেষ্ঠা করব। আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করছি। আমি যখন উন্নতি করতে পারবো তখন আপনারা বুঝতে পারবেন।