ঐতিহ্যবাহী সাংগ্রাই উত্সব শুরু

উত্সবের রং লেগেছে পাহাড়ে। নতুন সাজে সেজেছে পাহাড়ী জনপদ। বান্দরবানে ৪ দিন ব্যাপী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উত্সব শুরু হয়েছে।

 
গতকাল সোমবার সকাল আটটায় পুরাতন রাজবাড়ি মাঠ থেকে আপন ঐতিহ্যে সাজো: বর্ণাঢ্য সাংগ্রাই র্যালির মাধ্যমে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। র্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, চাক, খেয়াং, খুমী, বম, লুসাই, পাঙ্খোয়া সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু-কিশোরসহ নারী-পুরুষেরা অংশ নেয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বয়স্ক পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
মানিকছড়ি সংবাদদাতা জানান, মানিকছড়িতে বর্ষবরণকে ঘিরে বৈসু, সাংগ্রাই, বিজু, (বৈসাবি) উদ্যাপনের শেষ প্রস্তুতি চলছে। আজ পহেলা বৈশাখ (বৈসাবি) ঘিরে উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী মংরাজ বাড়ির মহামুনি বৌদ্ধবিহার মাঠে এ মেলায় পাহাড়ী-বাঙালির প্রাণের উত্সব পরিণত হবে মিলন মেলায়। সার্বজনীন এ উত্সবে যোগ দেবেন বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লক্ষাধিক দর্শনার্থী। 
 

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, পুরাতন বছরের গ্লানি মুছে নিজেদের পবিত্রতা  নতুন বছরের শুভ কামনায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদী-খাল-ছড়ার জলে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পাহাড়ী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক ও প্রাণের উত্সব ‘বৈসাবি’।