বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই ঢাকা সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ভোট চেয়েছেন। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্ত সমর্থকদের প্রতি এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেছেন, এই অবৈধ সরকার নিজেরা নির্বাচিত নয়। তারা আইন লঙ্ঘন করে সব কিছু করছে। আর আমাদের পদে পদে বাধার সৃষ্টি করছে, গ্রেপ্তার করছে।
তিনি আরো বলেন, বর্ষবরণ অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি। তাই এবার ভোটের নীরব বিপ্লব ঘটাতে হবে। আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জালেম অবৈধ সরকারকে দেখিয়ে দেবেন।
দীর্ঘ ছয় মাস পরে খালেদা জিয়া নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। গুলশানে নিজের কার্যালয়ে তিন মাস অবস্থানের পর বাড়ি ফিরে যাওয়ার পর এই প্রথম ঘরের বাইরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন খালেদা জিয়া।