জাতীয় সংসদের স্পিকার সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সমগ্র বিশ্বের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পার্লামেন্টারি নেটওয়ার্ক, বিশ্বব্যাংক, আইএমএফসহ পৃথিবীর সব দেশের সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ ওয়ার্ল্ড ব্যাংক ভবনের প্রেসটন অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেসন্স জেন্ডার একুয়ালিটি অ্যান্ড ওমেন রাইটস ইন দ্য পোস্ট ২০১৫’ শীর্ষক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। পার্লামেন্টারি নেটওয়ার্ক অন দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সিপিএ চেয়ারপার্সন বলেন, ‘জনগণের ক্ষমতায়নের মূল ভূমিকা সংসদ সদস্যরাই পালন করে। পবিত্র সংবিধানের চেতনাকে সমুন্নত রেখে সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। বিশ্বজুড়ে হতদরিদ্রদের মধ্যে নারী অন্যতম। নারীপ্রধান পরিবারে দুর্গতি অধিক। নারীর দুঃখ-দুর্দশা মোচনে সামষ্টিক অর্থনৈতিক নীতিমালায় পরিবর্তন আনতে হবে।’
ড. শিরীন শারমিন বলেন, ‘বাংলাদেশের অবারিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সব ধরনের শোষণ-বৈষম্য দূর করে জেন্ডারসমতা ও নারীর ক্ষমতায়নকে আরো এগিয়ে নিয়ে এমন নীতিমালা গ্রহণ করতে হবে, যার সাহায্যে আগামী দিনে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।’