সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে রাজনীতিতে মহিলা, শিশুসহ সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হয় সে রাজনীতিকে জনগণ না বলেছে, এটাই হতে হবে বাংলা নববর্ষের শপথ।
মঙ্গলবার কোম্পানীগঞ্জ পৌরসভা আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জামায়াত শিবির হরতাল ও অবরোধ ডেকে নিরীহ মানুষ, গাড়ির ড্রাইভার, হেলপারসহ সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে জঘন্যভাবে হত্যা করেছে।
এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সারা দেশে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন সাধন করা হয়েছে। আগামীতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ দেশের প্রতিটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে বাংলা বাজার-দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম সড়ক, তাকিয়া প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গাংচিল প্রাথমিক বিদ্যালয়, পেশকার হাট প্রাথমিক বিদ্যালয় ও স্কাউটস্ ভবন নির্মাণ কাজ ও ৬টি ইউনিয়নে ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।