পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের পাশে জেলা পরিষদের ডাক বাংলোটি অযত্নে অবহেলায় পড়ে থাকায় এর কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ১৯৩৮ সালে নির্মিত ভবনটি কয়েক বছর আগে সংস্কার করা হলেও মুল ফটকের সামনে ও পুর্বপাশে ৫০ লাখ টাকা মুল্যের জায়গা জবর দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। জানা গেছে জেলা পরিষদের এক শ্রেণির অসাধু কর্মকর্তা এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এছাড়া ডাক বাংলোর পশ্চিম পাশে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা ১০/১২ শতক জায়গাও দখলের চেষ্টা চলছে। কতিপয় ভুমিগ্রাসী এর দেয়াল ভেঙ্গে ভিতরে নানারকম যন্ত্রপাতি ও মালামাল ফেলে রেখে লিজ নেয়ার জন্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে অভিযোগ উঠেছে। এ জন্যে মোটা অংকের টাকা উৎকোচ প্রদান করা হয়েছে বলেও গুজব শোনা যাচ্ছে। বাংলোর ভিতর আঙিনা ও সম্মুখভাগে নোংরা পরিবেশের কারনে কর্মকর্তারা এখানে অবস্থান করতে চান না। ফলে বেশির ভাগ সময় কক্ষগুলো ফাঁকা থাকে। এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেঞ্জামিন রিয়াজী বলেন,বিষয়টি তার জানা ছিল না। তিনি ডাকবাংলোটি ব্যবহার উপযোগীকরাসহ দখলমুক্ত করতে ভাঙ্গুড়ার ইউএনও-কে দ্রুত নির্দেশ দিবেন বলে জানান।