পাকিস্তানে গৃহপরিচারিকাদের ট্রেড ইউনিয়ন



পাকিস্তানে গৃহভৃত্য বা পরিচারিকারা মিলে সে দেশে তাদের প্রথম ট্রেড ইউনিয়ন গড়ে তুলেছেন। রাজধানী ইসলামাবাদে তাদের এই শ্রমিক সংগঠনে ইতিমধ্যেই সদস্য হয়েছেন প্রায় ২২৫জন, সংখ্যাটা আরো বাড়ছে।
পাকিস্তানের প্রায় প্রতিটি মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারেই এক বা একাধিক গৃহপরিচারিকা রাখাটা রেওয়াজ। বাসন মাজা, ঘর ঝাড়ামোছা থেকে নানা ফাইফরমাশ তাদের রোজ খাটতে হয় – কিন্তু প্রায় কোনও ক্ষেত্রেই মালিকের সঙ্গে তাদের কাজের কোনও চুক্তি বা কন্ট্রাক্ট থাকে না।
এর ফলে তাদের নিয়মিতই নানা শোষণ ও অবিচারের শিকার হতে হয়। মুনাজাই ইশহাক নামে এক গৃহপরিচারিকা বলছিলেন, মালিক তাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে থানায় দিয়েছে – ইচ্ছে করে মাইনে আটকে রেখেছে, কিন্তু তিনি কিছুই করতে পারেননি।
কিন্তু পাকিস্তানে আনুমানিক প্রায় ৮৫ লক্ষ গৃহপরিচারিকার ভাগ্য এবার কিছুটা হলেও বদলাতে পারে – কারণ জাতিসংঘের সমর্থনে সে দেশে অবশেষে এই অসংগঠিত খাতের জন্য গড়ে উঠেছে একটি ট্রেড ইউনিয়ন।

-বিবিসি