উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
মঙ্গলবার ভিসেন্তে কালদেরনে শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে সুযোগও তৈরি করে অতিথিরা। কিন্তু স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তারা।
তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল দশবার ইউরোপ সেরার শিরোপা জেতা রিয়ালের সামনে। বিপজ্জনক জায়গায় বল পান গ্যারেথ বেল। কিন্তু তার প্রচেষ্টাটি দারুণ দক্ষতায় ব্যর্থ করে দেন আতলেতিকোর গোলরক্ষক।
৩২তম মিনিটে আবার বেলকে হতাশ করেন স্বাগতিক দলের গোলরক্ষক। ২৫ গজ দূর থেকে ওয়েলস উইঙ্গারের আচমকা শট ফেরাতে কোনো সমস্যা হয়নি তার।
পাঁচ মিনিট পর আবার আতলেতিকোর ত্রাতা স্লোভেনিয়ার গোলরক্ষক। বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী হামেস রদ্রিগেসকে এবার ঠেকিয়ে দেন তিনি। ২২ গজ দূর থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন কলম্বিয়ার মিডফিল্ডার। তবে জাল খুঁজে পাননি তিনিও।
৩৯তম মিনিটে আবার সুযোগ আসে অতিথিদের সামনে। ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে সুবিধাজনক জায়গায় বল পান লুকা মদ্রিচ। কিন্তু ক্রোয়েশিয়ার তারকা ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে সুযোগ হাতছাড়া করেন।
৪৩তম মিনিটে নিজেদের ডি-বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে স্বদেশের স্ট্রাইকার করিম বেনজেমাকে দেন ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে। বেনজেমা বল বাড়ান রদ্রিগেসকে। তবে এক হাতে দারুণ ‘সেভ’ করে আবারো তাকে হতাশ করেন আতলেতিকোর গোলরক্ষক।
পরের মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন রিয়ালের স্ট্রাইকার বেনজেমা। ডি-বক্সে অরক্ষিত থাকা এই তারকা হেড লক্ষ্যে রাখতে পারেননি।
ম্যাচে আতলেতিকো নিজেদের প্রথম সুযোগটি পায় ৪৮তম মিনিটে। হুয়ানফ্রানের ক্রসে হেড করেছিলেন আরদা তুরান। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ অনেকটাই গুছিয়ে নেয় স্পেনের লা লিগার চ্যাম্পিয়নরা। এই অর্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি রোনালদো-বেল-রদ্রিগেসরা।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলি হিসেবে ফের্নান্দো তোরেস মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে গতবারের রানার্সআপ আতলেতিকোর। ৮৯তম মিনিটে তোরেস ও মারিও সুয়ারেসের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রিয়ালকে বিপদের হাত থেকে বাঁচান গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
বাকি সময়টুকু চেষ্টা করলেও আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি আনচেলোত্তির শিষ্যরা। তাই চলতি মৌসুমে এনিয়ে সাত ম্যাচে আতলেতিকোর বিপক্ষে জয়শূন্য থাকল রিয়াল।
কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের আরেক ম্যাচে মোনাকোকে ১-০ গোলে হারায় ইউভেন্তুস। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আর্তুরো ভিদাল।