গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তবে কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে দ্রুত আত্মসমপর্ণের নির্দেশ দেন।
হাইকোর্টের এই বিভক্ত আদেশের ফলে মির্জা আব্বাসের জামিন আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি জামিন আবেদন হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন।
দ্বিধাবিভক্ত আদেশ হওয়ায় এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসকে পুলিশ গ্রেফতার করতে পারবেন না বলে দাবি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় গত সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান মির্জা আব্বাস।