জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেছেন, বিএনপি যত আন্দোলনই করুক না কেন— ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না।
বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামিণ জনপদ বলিয়ারপুর, খেজুরতলা ও মধুপুর গ্রামে মোট ১ হাজার ৩০০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাইনের ভিন্ন ভিন্ন ৩টি উদ্বোধনী সভায় হুইপ উল্লেখিত মন্তব্য করেন।
তিনি বলেন, আন্দোলনের নামে গত ৩ মাসে বিএনপি-জামায়াত জোট নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাসহ শত শত নিরীহ মানুষ এবং দেশের মূল্যবান সম্পদ পুড়িয়ে দেশকে বিভীষিকায় পরিণত করেছে। দেশ ও জাতি হিসেবে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিয়েছে। জাতীয় উন্নয়ন ও অর্থনীতির ভয়াবহ ক্ষতি ক্ষতি সৃষ্টি করেছে। তিনি বলেন, বিগত ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে এই বিএনপি-জামায়াত জোটই দেশব্যাপী আরেকবার নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করেছিল।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, নজিরবিহীন এই জ্বালাও-পোড়াও এবং অরাজকতা সৃষ্টির অপরাধে বিএনপি জামায়াতের বিচার করা হবে।
অনুষ্ঠান গুলিতে চুয়াডাঙ্গা-মেহেরপুর পল্লী বিদ্যুত্ সমিতির মহা-ব্যবস্থাপক আলী হোসেন, সমিতির সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ এলাকার একাধিক ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।