স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ভুল করার অভিজ্ঞতা অর্জন করে বিএনপি নেত্রী খালেদা জিয়া অবশেষে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। এটা খুবই ভাল উদ্যোগ। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতেও গণতান্ত্রিক এ ধারায় থাকতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ যাকে ভোট দিবে সেই বিজয়ী হবে। নির্বাচনী ফল যেটা হবে সেটা মেনে নিন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।
বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য ডেলিভারী কিট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
ইউএনএফপি’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সাত বিভাগ থেকে ৭ শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ৭টি শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পুরস্কৃত করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে। তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য সেবা দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্য সেবায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আন্তরিকতার সাথে সঠিকভাবে সবার নিজ দায়িত্ব পালন করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তার অধিনস্থদের কাজের মনিটরিং আরো জোরদার করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, একটি ডেলিভারি কিটে ১০টি ডেলিভারি করার মতো প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জম রয়েছে। উদ্বোধনের মাধ্যমে একটি নতুন জন কল্যাণকর উদ্যোগের সূচনা হলো।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ’র মহাসচিব অধ্যঅপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা প্রমুখ।