ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাতে হবে :খালেদা জিয়া

বাংলা নববর্ষে বিএনপি চেয়ার-পারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সিটি নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে। মানুষ এ সরকারের হাত থেকে রেহাই পেতে চায়। সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে নীরব বিপ্লব ঘটাতে হবে। এই সরকার নির্বাচিত নয়। তারা আইন লঙ্ঘন করে সব কিছু করছে। আর আমাদের পদে পদে বাধার সৃষ্টি করছে। আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে সরকারকে দেখিয়ে দেবেন। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল সোয়া ৫টার দিকে নয়াপল্টনে পৌঁছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।

 
বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, জাসাস সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক মনির খানসহ সংগঠনটির নেতারা ফুল দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। রাস্তার ওপর একটি চেয়ারে বসেন খালেদা জিয়া। মঞ্চ করতে না পারায় কার্যালয়ের নিচতলার খোলা কক্ষটি মঞ্চের মতো করে ব্যবহার করেন শিল্পীরা। গুলশানে নিজের কার্যালয়ে তিন মাস অবস্থানের পর বাড়ি ফিরে গিয়ে তিনি এই প্রথম ঘরের বাইরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ছয় মাস পর গেলেন খালেদা জিয়া।
 
এ সময় খালেদা জিয়ার পাশে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। খালেদা জিয়া মির্জা আব্বাসের প্রতীক ‘মগ’, তাবিথ আউয়ালের প্রতীক ‘বাস’ এবং চট্টগ্রাম সিটির বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের ‘কমলালেবু’ প্রতীকের জন্য নগরবাসীর কাছে ভোট ও দোয়া চান। নেতা-কর্মীদের বিপুল উপস্থিতির কারণে একপর্যায়ে সামনের রাস্তার দক্ষিণ পাশে যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে সন্ধ্যা ৬টার দিকে গুলশানের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসের উপদেষ্টা আবদুল হালিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সিটি নির্বাচনে বিএনপির সমন্বয়ক মওদুদ-হান্নান
 
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের দুই স্থায়ী কমিটির সদস্যকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা সিটি করপোরেশন উত্তরে সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ।
 
খালেদা জিয়ার কাছে ঈগল প্রতীকে ভোট
 
চাইলেন মাহী বি. চৌধুরী
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করে ‘ঈগল’ প্রতীকে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় গিয়ে মাহী খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
 
আবারো কার্যালয়ে খালেদা জিয়া
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাত্ করেন স্পেন ও কানাডার রাষ্ট্রদূত। টানা তিন মাসেরও বেশি সময় কার্যালয়ে অবস্থান শেষে ৫ এপ্রিল বাসায় ফেরেন বেগম জিয়া। তারপর গত ১০ দিন কার্যালয়ে যাননি। গতকাল থেকে তিনি নিয়মিত আবার কার্যালয়ে অফিস করছেন বলে দলীয় সূত্র জানায়।
 
খালেদা জিয়ার প্রার্থী পরিচিতি অনুষ্ঠান স্থগিত
 

গতকাল বুধবার ঢাকা সিটি নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা স্থগিত করেছে বিএনপি। অনিবার্য কারণবশত অনুষ্ঠানের তারিখ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দলটি।