পাঁচবিবিতে ডাকাত-পুলিশ সংঘর্ষে ২ পুলিশ আহত


জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাত দলের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাগজানা এলাকার আলহাজ্ব মোবারক আলী মাস্টারের বাড়িতে ডাকাতিকালে এই  সংঘর্ষের ঘটনা ঘটে। ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে।
গৃহকর্তা জানান, রাত ২টার দিকে ২০/৩০জনের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। ঘরে দরজা ভেঙ্গে তাকে ও তার স্ত্রীকে বেঁধে রাখে এবং তাদের ছেলে রাসেল (৩০) ও রনিকে (২৫) মারপিট করে। ঘরের ভিতরে থাকা ৩ আলমিরা ভেঙ্গে নগদ প্রায় ২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণ, একনলা বন্দুক, ২৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
এদিকে গৃহকর্তার অপর ছেলে জনি বৈঠকখানার দরজা খুলে বাড়ির বাইরে এসে পাঁচবিবি-হিলি সড়কে থাকা পাঁচবিবি থানার টহল পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় ডাকাতদের রড়ের আঘাতে পুলিশ সদস্য আব্দুল আজিজ (৫৫) ও ইসমাইল (৪০) আহত হন। আহত পুলিশ সদস্যদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট জেলার সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ভোর রাত ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান জামাত আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।
থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রতনপুর গ্রামের মৃত সুখচাঁনের ছেলে সফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচবিবি থানায় কোন মামলা দায়ের হয়নি।