দেবে যাওয়া ঘরে আরেক লাশ, নিহত ১২

 
রাজধানীর রামপুরার দোতলা টিনশেড ঘর দেবে যাওয়ার ঘটনায় আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।  এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে।
 
এর আগে বুধবার রাত নয়টা পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ ৫ জন নারী রয়েছেন।  এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ থেকে ৩০ জন।
 
বুধবার বিকাল তিনটার দিকে পূর্বহাজীপাড়া এলাকায় ঝিলের ওপর নির্মিত দুই তলা টিনশেডের বাড়ি দেবে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, আখের রস বিক্রেতা বরগুনার নিজাম (৪৭), তার স্ত্রী কল্পনা বেগম (৪২), ছেলে সবুজের বউ রোকসানা (২২), রিকশাচালক মিজানুর রহমান (৩০), স্থানীয় মুদি দোকানদার বরিশালের হারুণ অর রশিদ (৫৬), খলিলুর রহমানের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী সাজিদা (১৯), ফারজানা (৯), রুনা (১৪), জোস্না বেগম (৪০) বাড়িটির ম্যানেজারের ছেলে জাকির (৩০)। আজ সাজেদা নামে আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়।
 
মতিঝিল বিভাগের ভারপ্রাপ্ত ডিসি আনোয়ার হোসেন বলেন, টিনশেডের ঘরগুলোর মালিক স্থানীয় যুবলীগ নেতা মনির চৌধুরীর। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন।