ভাঙ্গায় কেরাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে বৃহস্পতিবার দুপুরে কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উক্ত এলাকার শাহ মোল্লার ছেলে ফারুক মোল্লা (২৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত হয় ইউসুফ সেকের ছেলে মামুন সেক (২৫), হাসেম খালাশীর ছেলে আক্তার খালাশী (৩০) ও মাঈনুদ্দিন মুন্সির ছেলে জুয়েল মুন্সি (১৮)। 
পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় আহত মামুনকে আটক করে পুলিশি হেফাজতে চিকিৎসায় রাখে। 
থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ও ঘাতক মামুন সেককে একটি স্কুলের ভেতর থেকে আটক করি। পীরেরচর বাজারে কোন ধরনের সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, পীরেরচর বাজারে বেশ কয়েকটি স্পটে টাকার বিনিময়ে ভাড়ায় কেরামবোর্ড খেলতে দেয়া হয়। ঘটনার দিন দুপুরে কয়েক যুবক মিলে বাজিধরে কেরামবোর্ড খেলতে থাকে। এ সময় নিহত ফারুক মোল্লার সাথে ঘাতক মামুন সেকের কথা কাটাকাটি হয়। দুপুরে মামুন ও তার সমমনাদের নিয়ে ফারুকসহ কেরামবোর্ড খেলোয়ারদের এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে খেলোয়ারদের সাথে স্থানীয়রা মিশলে সেখানে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ঘাতক মামুন পীরেরচর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করলে সেসময় বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়। 
স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।