ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছে আদালত। 
 
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মতিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। 
 
পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও জন্ম নেয়া কন্যা শিশু সন্তানের বিয়ে হওয়া পর্যন্ত ভরনপোষণের আদেশ দিয়েছে আদালত। 
 
দণ্ডাদেশপ্রাপ্ত সোহেল রানা (২৮) সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। 
 
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের এজাজুল হকের ঘরে ঢুকে তার কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা। এ সময় ধর্ষিতা চিৎকার করলে সোহেল রানা পালিয়ে যায়। এ ঘটনায় ২০১০ সালের ৪ মে ধর্ষিতা বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে ওই ধর্ষিতা অন্তসত্বা হয়ে একটি কন্যা শিশু জন্ম দেন। 
মামলার শুনানিতে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়। এ সময় আদালত অবৈধ কন্যা শিশু সন্তানের বিয়ে হওয়া পর্যন্ত ভরনপোষণের আদেশ দিয়েছে আদালত। 
 
ঠাকুরগাঁও  আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।