‘বাংলাদেশে রেড ক্রিসেন্ট হাসপাতাল করতে আগ্রহী ইরান’

 

 

 

 

 

 

ইরান বাংলাদেশে একটি অত্যাধুনিক মানের রেড ক্রিসেন্ট হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনীয় জমি বরাদ্দ পেলে তারা শিগগিরই কাজ শুরু করতে চায়। বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চিকিত্সা শিক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্যও দেশটি আগ্রহ দেখিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত্ করতে এসে এ আগ্রহের কথা জানান।

ইরানের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্যখাতে দুই দেশ অতীতে একসাথে কাজ করেছে। বাংলাদেশ থেকে পূর্বে ইরানে নিয়মিত চিকিত্সক যেত, এমনকি তেহরান বিশ্ববিদ্যালয় থেকেও অনেক বাংলাদেশি উচ্চতর ডিগ্রি লাভ করেছে।’

ড. আব্বাস ভায়েজি বাংলাদেশ থেকে ইরানে নিয়মিত চিকিত্সক ও নার্স  নেয়ার প্রক্রিয়া শুরু করার জন্য মোহাম্মদ নাসিমকে অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রয়োজনে ইরান থেকেও চিকিত্সক এবং বিশেষজ্ঞ বাংলাদেশে চিকিত্সা দিতে পাঠানো যেতে পারে। এতে দুই দেশই লাভবান হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও ইরানের একই ধর্মীয় সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, ‘ইরানের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধা ও আগ্রহ আছে। এই দুই দেশ একত্রে কাজ করলে দুই দেশের আর্থ-সামাজিক উন্নতি ত্বরান্বিত হবে।’

মন্ত্রী বাংলাদেশের ওষুধের আন্তর্জাতিক মানের গুণগত দিক তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। ইরান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করলে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্মত ওষুধ পেতে পারে।’

ইরানের রাষ্ট্রদূত মন্ত্রীর এই প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস প্রদান করে বাংলাদেশের কয়েকটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।