পরিপূর্ণ চিকিত্সাসেবা না দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে বলা হয়—বুধবার মান্নাকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিত্সাসেবা সম্পন্ন না করেই তাকে কারাগারে পাঠানো হয়েছিল। চিকিত্সা শেষ না করেই তাকে কারাগারে নেয়ার কারণে বারবার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এ অবস্থায় একান্ত মানবিক বিবেচনায় জীবন রক্ষার্থে মান্নাকে হাসপাতালে রেখে আধুনিক চিকিত্সা দেয়ার আহ্বান জানানো হয়।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ জামাল কাদেরী। তিনি বলেন, ‘জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের ছাড়পত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো হাসপাতালে রেখে মান্নার সুচিকিত্সার পরামর্শ দেয়া হয়েছে। এ অবস্থায় তাকে হাসপাতালে না রাখা মানে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া।
সংবাদ সম্মেলনকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, ফজলুল হক, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।