গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুরে আট অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও এক অস্বচ্ছল অশীতিপর বৃদ্ধাকে ‘জেগে আছি’র পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুর ৩টায় মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। সাংবাদিক হুমায়ূন কবির হিমুর সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘জেগে আছি’র আব্দুল্লাহ্্ নুহ, ইঞ্জিনিয়ার সাজ আমিন, মুনওয়ার আলম নির্ঝর ও আবু সুফিয়ান জুয়েল। আর্থিক সহায়তা পাওয়া আট অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হলেনঃ নূরুল হক লালু, সিরাজুল ইসলাম, রাহাত আলী, আব্দুস ছাত্তার, আফছার আলী, আনছার আলী ও সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে জেগে আছির পক্ষ থেকে আব্দুল্লাহ্ নূহ বলেন, তারা সারা দেশে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কাজটি তারা করছেন সংগঠনের সদস্য ও শুভাকাংক্ষীদের সদস্য চাঁদার মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বের সন্তান। আমাদের উচিত ছিল তাদের মাথায় তুলে রাখার মতো সমাদর করা। অথচ তাদের অনেকে আজও অসহায় জীবন যাপন করছেন, অমর্যাদার জীবন যাপন করছেন। জেগে আছিকে ধন্যবাদ দিব যে, তারা এসব অসহায় মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের সহযোগিতা করছেন।
সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম বলেন, জেগে আছি যে কাজটি করছে তা আসলে এক ধরনের সমাজ সচেতনতা। আমাদের আশেপাশে থাকা মুক্তিযোদ্ধাদের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু তাদের অনেকে এখনও অসহায় জীবন যাপন করছেন। জেগে আছি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার।