নির্বাচিত হতে পারলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ‘আধুনিক, বাসযোগ্য ও আদর্শ নগর’ হিসেবে গড়ে তুলতে প্রথমেই ‘নগর সরকার’ গঠনের দাবিতে সোচ্চার হবেন বিএনপিসহ ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তিনি একথা জানান। ইশতেহারে নয়টি বিষয়ে গুরুত্ব্ব দিয়ে ভোটারদের সামনে বহুমাত্রিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন ‘বাস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ।
ইশতেহার ঘোষণা উপলক্ষে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে নিজের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আদর্শ ঢাকা গড়ে তুলতে হলে প্রথম পদক্ষেপই থাকতে হবে নগর সরকার। আমার প্রায়োরিটি থাকবে সরকারের সঙ্গে মতবিনিময় করে এ দাবিটি অবশ্যই আদায় করে নেয়া।’
আদর্শ ঢাকা গড়তে ইশতেহারে উল্লেখ করা অঙ্গীকার বাস্তবায়নে মেয়রের এখিতয়ার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘আমি নির্বাচিত হলে সরকারের সঙ্গে আলোচনা করে নগরের সমস্যার সমাধান করব।’বিরোধী জোট-সমর্থিত হওয়ায় সরকারের কাছ থেকে কতটুকু সমর্থন পাবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে যে গণজোয়ার ও গণআকাঙ্ক্ষার প্রকাশ ঘটবে, তা দেখে যে কোনো সরকারই নগরবাসীর সমস্যা সমাধানে বাধ্য হবে।’
‘আদর্শ ঢাকা আন্দোলন’ আয়োজিত এই অনুষ্ঠানে চার পৃষ্ঠার ইশতেহার পড়ে শোনান তাবিথ। উত্তর ঢাকার সড়ক উন্নয়ন, নাগরিক সেবা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা, প্রশাসনিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, আইন-শৃংখলা, শ্রমিক কল্যাণ, শিশু ও মহিলা কল্যাণ এবং তথ্য-প্রযুক্তি উন্নয়ন যুব কল্যাণ- এই নয়টি বিষয়ে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হলে যানজটমুক্ত সড়ক, নিরাপদে পথ চলতে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ফুটপাতের ব্যবস্থা, ওয়ার্ডগুলোর অভ্যন্তরীণ রাস্তাঘাটের জরুরি সংস্কার, প্রয়োজনীয় ফুটওভারব্রিজ স্থাপন এবং পর্যায়ক্রমে এলিভেটর স্থাপন, টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত কমিউটার ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেবেন তিনি। তার অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুত্-পানি-গ্যাস সমস্যার ‘যৌক্তিক’ সমাধান, নাগরিক সেবা নিশ্চিতের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রতিবন্ধীদের জন্য বাস-রেল-শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানে বিশেষ সার্ভিস চালু, বহুতল পার্কিং লট নির্মাণ, রেলস্টেশন নির্মাণ, বাস স্টপ এবং লঞ্চ ঘাটে গভীর রাতে ‘নিরাপদ’ বাস সার্ভিস চালু, ‘আধুনিক’ যাত্রী ছাউনি নির্মাণ, নৈশকালীন মার্কেট স্থাপন, দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট স্থাপন এবং মশার উপদ্রব লাঘব।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, পার্ক ও পাঠাগার স্থাপন, ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইমারি জুনিয়র ও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সিটি স্কলারশিপ দেয়া, আধুনিক স্কুল সিটি বাস সার্ভিস চালু, লেক ও জলাশয়ে নৌ-পর্যটন গড়ে তোলারও অঙ্গীকার করেছেন ২০ দল সমর্থিত এই মেয়র প্রার্থী।
ইশতেহার ঘোষণার সময় তার সঙ্গে ছিলেন ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমাদ। তিনি বলেন, নগরের সমস্যার কার্যকর সমাধানে যেসব পরিকল্পনা তাবিথ তুলে ধরেছেন, তা সত্যিই অসাধারণ। এজন্য তাবিথকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদও এসময় উপস্থিত ছিলেন।