পেট্রল বোমা হামলাকারীরা বিচারের আওতায় না আসা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, এতদিন যারা দেশের বিভিন্ন জায়গায় পেট্রল বোমা হামলা চালিয়ে নাশকতা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। সেইসব সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। অথবা সরকার যতদিন চাইবে ততদিনই বিজিবি সদস্যরা মাঠে থেকে পুলিশ-র্যাবকে সহযোগিতা করবে।

 
নগরীর শালবাগানে বিজিবি’র রাজশাহী সেক্টর সদরের সেমিনার কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিজিবি’র রংপুর রিজিওনের (উত্তর-পশ্চিম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল একেএম ফেরদৌসুল সাহাব ও রাজশাহীস্থ ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পেট্রল বোমা হামলাকারীদের গুলির নির্দেশ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, যারা পেট্রল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে তারা সন্ত্রাসী। তাই সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। এরপরে কোনো সন্ত্রাসীর বিজিবির সামনে এসে হামলা চালানোর বুকের পাটা হয়নি। এ ঘটনার সমালোচনাকে প্রকারান্তরে সন্ত্রাসীদের পক্ষাবলম্বন উল্লেখ করে বিষয়টি তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।