ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনকে স্বাগত জানিয়ে ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ নির্বাচন নিশ্চিতে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মুখপাত্র মেরি হার্ফ এই আহ্বান জানান।
সিটি কর্পোরেশন নিয়ে এক প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, ‘আমরা পৌর নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। যারা নির্বাচন পরিচালনা ও অংশগ্রহণ করছে তাদের প্রতি অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত ভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব রাজনৈতিক দল গণতান্ত্রিক চর্চা করবে এবং এখানে সহিংসতা ও সন্ত্রাস অথবা ভীতির কোনো স্থান নেই।
বিএনপি নেতা মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায় ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওছার আহম্মদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মেরি হার্ফ বলেন, তিনি এখনো এই বিষয়ে জানেন না।