সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোল উৎসব

‌'প্রভাতে হাটুন, ওষুধি গুণসম্পন্ন খাদ্য খান, সুস্থ থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ১৪তম ঘোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার উল্লাপাড়া উপজেলার সলপ রেল স্টেশন সংলগ্ন মাঠে এই ঘোল উৎসব হয়। 
সিরাজগঞ্জের প্রভাতী সংঘের উদ্যোগে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয়। প্রভাতী সংঘের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ এই ঘোল উৎসবের উদ্বোধন করেন। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাতী সংঘের সদস্যদের মধ্যে জাহাঙ্গীর আলম, জান্নাত আরা তালুকদার, মোঃ আলাউদ্দীন, আসাদ উদ্দীন, গোলাম রব্বানী প্রমুখ। ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই উৎসব চলে। উৎসবে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা কর্মী, ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন। 
বক্তারা বলেন, ব্রিটিশ শাসনামল থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে ঘোল উৎপাদন ও বিক্রি করা হত। রেলপথে ঘোল ভারতসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এটি একটি শিল্প হিসেবে পরিচিত ছিল। কালের পরিক্রমায় এই শিল্প বিলুপ্তপ্রায়। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর প্রভাতি সংঘ ঘোল উৎসবের আয়োজন করে আসছে। উৎসবে ঘোল খাওয়া, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের জন্য ঘোল ক্রয়করাসহ তাদের সঙ্গে দেখা সাক্ষাত করায় এটি মিলন মেলায় পরিণত হয়। 
ঘোল বিক্রেতা আব্দুল মালেক জানান, এ বছর উৎসবে ভালো ঘোল কেনার জন্য বহুদূর থেকে লোকজন আসে। উৎসব উপলক্ষে আগাম প্রস্তুতি নেয়া হয়। এ ছাড়াও উৎসবের দিনে ঘোলের মূল্য বাবদ শুধু উৎপাদন খরচ নেয়া হয়। এবার ৮০মণ ঘোল বিক্রি হয়েছে।