রজনী। বয়স পাঁচ। মধ্যরাতে ঘুম থেকে তুলে চাচা তাকে কোলে করে নিয়ে বসিয়ে দিল বিয়ের আসরে। বরবেশে যে বসে আছে তার নাম কুশল। কুশলের বয়স ৭/৮ বছরের বেশি নয়। কিছুক্ষণের মধ্যে তারা অগ্নি সাক্ষী রেখে বিয়ে করবে। এমন মুহূর্তে তাদের ক্যামেরার ফ্রেমে বন্দী করলেন স্টেফানি সিনক্লেয়ার।
আসলে তাদের পরিবার তাদের বাল্য বিয়ে দিয়েছে। ঘটনাটি ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলের।
অন্যদিকে আফগানিস্তানের এক প্রত্যন্ত অঞ্চলে আট বছর বয়সী রৌশানকে জোর করে বিয়ে দেয়া হয়েছে তার বাবার বয়সী সাদীর (৫৫) সঙ্গে। তাদেরকেও ক্যামেরাবন্দী করেছেন স্টেফানি।
শুধু ভারত-আফগানিস্তানে নয়; ইয়েমেন, ইথিওপিয়া, নেপালসহ বেশ কয়েকটি দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দীর্ঘ তেরো বছরের বেশি সময় ধরে এরকম অসংখ্য ছবি তুলেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক স্টেফানি সিনক্লেয়ার। যেখানে বাল্যবিবাহ, অল্পবয়সে জোরপূর্বক বিয়ে ও নারী নির্যাতনের বিষয়টি উঠে এসেছে।
IMG0
স্টেফানি সিনক্লেযার-এর তোলা এরকম ২৬টি ছবি নিয়ে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে ‘টু ইয়ং দু ওয়েড’ (‘Too young to wed’) শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়েরে লাঘামে ও জাতীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদা অতিথি হিসাবে উপস্থিত থেকে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার বলেন, ‘বাল্যবিবাহ, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে শিশু-কিশোরীদের জীবন ও ভবিষ্যেক ঝুঁকির মুখে ফেলছে। এটি তাদের মানবাধিকারের লঙ্ঘন। এর ফলে তাদের নিজেদের, তাদের কমিউনিটির এবং তাদের দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই ক্ষতিকর চর্চা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই আলোকচিত্র প্রদর্শনী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ ও অল্প বয়সে বিয়ে বন্ধ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রদর্শনীটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শুক্রবার বাদে প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।